আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।দিবসটি উপলক্ষে তথ্য কমিশন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করেছে।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রকাশিত এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে মুঠোফোনে খুদে বার্তা বা এসএমএস পাঠানো, ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে তথ্য অধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে ফেস্টুন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্ধারিত মূল থিম ‘Ensuring Access to Environmental Information in the Digital Age’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিশেষ উপস্থিতিতে আয়োজিত এ সভায় আলোচক হিসেবে অংশ নেবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।দিবসটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।