ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার এক উচ্চপদস্ত জেনারেল নিহত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার মেজর জেনারেল আন্তন গ্রুনিস নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের আনম্যানড সিস্টেমস ফোর্স। রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর রাতে রুশ নিয়ন্ত্রিত ডোনেৎস্ক অঞ্চলে একটি অবস্থানে হামলা চালিয়ে গ্রুনিসকে হত্যা করা হয়। তার দাবি, ইউক্রেনীয় ড্রোন বাহিনীর হাতে নিহত সপ্তম রুশ সামরিক কমান্ডার তিনি। তবে এই নির্দিষ্ট দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। গ্রুনিস রাশিয়ার চতুর্থ পৃথক গার্ডস মোটর রাইফেল ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিও কলে জানিয়েছিলেন, তার অধীনস্থ সেনারা কস্তিয়ানতিনিভকা দখলের অভিযানে ভূমিকা রেখেছে। তবে ইউক্রেন এবং স্বাধীন সামরিক বিশ্লেষকেরা রাশিয়ার শহরটি পুরোপুরি দখলের দাবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। Iগত আগস্টের শেষ দিকে গ্রুনিসকে ‘হিরো অব রাশিয়া’ খেতাবের গোল্ড স্টার পদক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিক সামরিক পোশাকে পদক গ্রহণ করেন। এর কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর খবর সামনে এলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণত যুদ্ধক্ষেত্রে নিহত জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায় না। তবে রুশ কমান্ডার আপতি আলাউদিনভ টেলিগ্রামে গ্রুনিসের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন, যদিও কীভাবে তিনি মারা গেছেন তা উল্লেখ করেননি। ডোনেৎস্ক অঞ্চলে কস্তিয়ানতিনিভকা ঘিরে কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে। পুরো দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়াকে মস্কো তাদের অন্যতম প্রধান সামরিক লক্ষ্য হিসেবে ধরে রেখেছে। সূত্র: রয়টার্স,