চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির মধ্যে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর কোনো নোটিশ ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই ব্যাংকটির প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে একটি গোষ্ঠী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি দিয়েছে বলেও দাবি করেন তারা।[BANGVIEWS-POST:2595]বিক্ষোভ থেকে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন এবং চাকরিচ্যুত ব্যক্তিদের সসম্মানে পুনর্বহালের দাবি জানানো হয়।চাকরিচ্যুত কর্মীরা বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকায় তারা পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের উপস্থিতিতে নিজেদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।বিক্ষোভে নেতৃত্ব দেন চাকরিচ্যুত কর্মকর্তা মো. এমদাদ হোসেন।পুলিশ জানায়, মন্ত্রীদের সফর নির্বিঘ্ন রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।