ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা
বাংলাদেশের মৌলভীবাজারের সঙ্গে পারিবারিক শিকড়ের যোগ থাকা আনিসা খান এবার আন্তর্জাতিক কাবাডির মঞ্চে নেতৃত্ব দিতে যাচ্ছেন ইংল্যান্ডের নারী জাতীয় দলকে। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ তরুণী।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্ব পাওয়ার খবর জানিয়েছেন আনিসা। পরে তাঁর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।খেলাধুলার পাশাপাশি ব্যবসা ও বিনোদন জগতেও পরিচিত আনিসা। তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পেশাগতভাবে কনসালট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি পরিচিত ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তিনি। এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালে উঠে রানারআপ হয়েছিলেন আনিসা।বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৭ সালে কাবাডির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। এরপর নিয়মিত অনুশীলন ও পারফরম্যান্সের মধ্য দিয়ে ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে জায়গা করে নেন তিনি। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন আনিসা। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।আনিসার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে আবাসন খাতে সফলতা অর্জন করেন তিনি। যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।
আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দল অংশ নেবে। প্রতিযোগিতায় ইংল্যান্ডের লাল-সাদা জার্সি পরে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন আনিসা খান।