ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কালকিনি হাসপাতালে নিজ হাতে টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এ কাজে অংশ নেন।আনিছুর রহমান তালুকদার খোকন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক।কর্মসূচি চলাকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় অপরিচ্ছন্ন টয়লেটের পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনাও নিজ হাতে পরিষ্কার করেন।পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সংসদ সদস্য বলেন, শুধু নিজের বাড়িঘর নয়, সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।এসব প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ব্যবহারোপযোগী পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।এমপি খোকন বলেন, নাগরিকেরা যেসব প্রতিষ্ঠানে সেবা নিতে যান, সেগুলোকে নিজের বাড়ির মতো মনে করে যত্ন নেওয়া প্রয়োজন।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সেবামূলক কার্যক্রমের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তারাও জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।তবে সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ভালো রাখতে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা মামুন সিকদার ও শামীম মোল্লাসহ স্থানীয় পর্যায়ের অন্য নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

কালকিনি হাসপাতালে নিজ হাতে টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন