ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সচিব, আইজিপি, কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আটজনকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাড়ির মালিকানা দাবিকারী রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু নোটিশটি পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি গাড়িটি আটকে রাখার আইনগত ভিত্তি লিখিতভাবে জানানোর দাবি করা হয়েছে। এ জন্য তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।আইনি নোটিশের বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন বলে দাবি করা ২০২১ মডেলের একটি টয়োটা হার্ড জিপ গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬।রিট আবেদনকারীর অভিযোগ, কোনো বৈধ কারণ ছাড়াই গাড়িটি জোরপূর্বক নিয়ে থানায় আটকে রাখা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর গুলশান থানায় করা ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে জানানো হয়।পুলিশের এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করেন শাহ কামাল রাসেল। রিট আবেদনটির নম্বর ১৬৮৯৯/২০২৬।নোটিশের তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন।একই সঙ্গে গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে এবং সেই মামলায় আদালতের আটকাদেশ থাকলে তা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়।তবে এমন কোনো আদালতের আটকাদেশ না থাকলে হাইকোর্টের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ রয়েছে।রিট আবেদনকারীর আইনজীবীর দাবি, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি।এই পরিস্থিতিতে আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়ে সংশ্লিষ্ট আট কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়।নোটিশে জানতে চাওয়া হয়েছে, কোন আদালতের নির্দেশে এবং কোন মামলার ভিত্তিতে গাড়িটি থানায় আটকে রাখা হয়েছে।একই সঙ্গে গাড়ি আটকের ক্ষেত্রে কোন আইনের ধারা বা বিধান প্রয়োগ করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার আলামত হিসেবে জব্দ হয়ে থাকলে সংশ্লিষ্ট মামলার বিবরণ, জব্দ তালিকা এবং আদালতের আদেশের অনুলিপি সরবরাহের দাবি জানানো হয়েছে।এ ছাড়া হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই নির্দেশের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালতের কোনো আদেশ রয়েছে কি না, সে বিষয়েও লিখিত জবাব চাওয়া হয়েছে।নোটিশে গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার নথিপত্র, সাধারণ ডায়েরি, সিসিটিভি ফুটেজ এবং দাপ্তরিক যোগাযোগের তথ্য সংরক্ষণের দাবিও জানানো হয়। আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত না দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরুর আবেদন করা হবে।সে ক্ষেত্রে দায়ী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করার পাশাপাশি আদালতের আদেশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হতে পারে।তবে আদালত অবমাননার নোটিশ পাঠানোর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট আট কর্মকর্তা ইতোমধ্যে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি রিট আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশ।এ ঘটনায় গুলশান থানা কিংবা নোটিশ পাওয়া অন্য কর্মকর্তাদের আনুষ্ঠানিক লিখিত জবাবের তথ্য প্রকাশিত হয়নি।

সচিব, আইজিপি, কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ