রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, চলছে নিবিড় চিকিৎসা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে আইসিইউর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়।সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত পদার্থের প্রভাবে ওই শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতির আশঙ্কা থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।সহপাঠীদের বরাতে জানা গেছে, ওই শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পর্কজনিত কিছু সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।সহপাঠীরা আরও জানান, এর আগে প্রায় এক মাস আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন সহপাঠীরা তাকে বুঝিয়ে বাড়িতে পাঠান।এদিকে গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে দেখতে রামেক হাসপাতালে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি জানান, শিক্ষার্থী বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।সূত্র: কালবেলা