স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল, ১৪ নৌকা থেকে উদ্ধার
আটলান্টিক মহাসাগরের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনেই পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসী। মোট ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮৮ জনকে। ২০২০ সালের পর একদিনে এত বেশি অভিবাসী পৌঁছানোর ঘটনা আর ঘটেনি দ্বীপপুঞ্জটিতে।রোববার (১৫ নভেম্বর) সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে স্পেনের বার্তা সংস্থা ইএফই।উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় অভিবাসীদের উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি নৌকা পৌঁছেছে ক্যানারি দ্বীপপুঞ্জের ছোট দ্বীপ এল হিয়েরোতে। সেখানে ১২টি নৌকা পৌঁছানোর পাশাপাশি গ্রান ক্যানারিয়া ও টেনেরিফে একটি করে নৌকা ভিড়েছে।উদ্ধার হওয়া একটি নৌকায় ছিলেন ২৪০ জন যাত্রী। তাদের মধ্যে ১২ জন নারী ও ৩৬ শিশু। নৌকাটির যাত্রীদের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়। অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক।এর আগে ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে সর্বোচ্চ অভিবাসী উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হঠাৎ এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলের অভ্যর্থনা কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থা। বিশেষ করে ছোট ও কম জনবসতিপূর্ণ দ্বীপগুলোতে পরিস্থিতি বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে।অভিবাসীদের এই আকস্মিক আগমন নিয়ে পরিস্থিতি পর্যালোচনার জন্য স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে।পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি। দীর্ঘ সমুদ্রযাত্রা, প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার মানুষ।সাধারণত শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূল থাকায় এই পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। এবারও অক্টোবর থেকে সেই প্রবণতা দেখা যাচ্ছে।তবে পুরো বছরের হিসাবে অভিবাসীদের আগমন এখনো আগের বছরের তুলনায় কিছুটা কম। স্পেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।এর মধ্যেই একদিনে ১ হাজার ৪৮৮ জনের আগমন নতুন করে দ্বীপপুঞ্জটির অভিবাসী গ্রহণ ও জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ বাড়িয়েছে।সূত্র : রয়টার্স