ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত যাতায়াতের সুযোগ দিতে চুক্তি করেছে বাংলাদেশ ও আজারবাইজান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও আজারবাইজানের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা ভিসার বাধ্যবাধকতা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণের সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষরের পর দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এ সময় রাজনৈতিক সংলাপ জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা ও মানবিক খাতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই চুক্তি দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। গত ৮ সেপ্টেম্বর থেকে তার সভাপতিত্বের মেয়াদ শুরু হয়েছে।

বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি