ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ সোমবার (২৬ অক্টোবর)। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে গত ৪ অক্টোবর একই মামলায় তাঁর জামিন আবেদন নাকচ করেন আদালত। এক দিনের রিমান্ড শেষে সেদিন তাঁকে আদালতে হাজির করা হলে আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক আবেদনটি নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ২ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট ঘিরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানার মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় আসেন। তাঁদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সকাল ৯টা ৮ মিনিটের দিকে পার্কিংয়ে যায়। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর লাগেজ সংগ্রহের জন্য তাঁরা ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।অভিযোগে বলা হয়েছে, ওই সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয়। ট্রলি নেওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি হলে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। পাশাপাশি লাগেজ পৌঁছাতে দেরি হওয়া এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে অভিযোগ।বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। এতে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি আজ