ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আয়োজিত এক বিশেষ সমাবেশে তিনি এসব কথা বলেন।ড. খলিলুর রহমান বলেন, ‘আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’ তিনি উল্লেখ করেন, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং একই সঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তাঁরা আবারও নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সেজন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।বক্তব্যে রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে ভূমিকা রাখায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খলিলুর রহমান। এ ছাড়া আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রশংসা করেন তিনি।তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তবে এই সংকটের পুরো দায় একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৯ নভেম্বর তারিখটি যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে। আইসিজের রায়কে শুধু ন্যায়বিচারের স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে দীর্ঘদিনের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে বলেও মত দেন তিনি।

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান