ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি আইবিসির

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক মজুরি ২৬০ মার্কিন ডলার বা প্রায় ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মজুরির দাবি তুলে ধরে আইবিসি। এর আগে শনিবার (২৪ অক্টোবর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় প্রস্তাবটি চূড়ান্ত করা হয়।আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বিদ্যমান মজুরিকাঠামো নিয়ে আলোচনা হয়।শ্রমিক সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যাতায়াত খরচও বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে চিকিৎসাসহ পরিবারের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় যুক্ত হওয়ায় শ্রমিকদের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে।আইবিসির মতে, বর্তমানে প্রচলিত ন্যূনতম মজুরি দিয়ে পোশাকশ্রমিকদের পক্ষে পরিবারের ভরণপোষণ ও দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন।সংগঠনটি আরও দাবি করেছে, সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ফলে বাজারে পণ্যের দামে অস্থিরতা বেড়েছে। এতে পোশাকশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বহনের চাপ আরও তীব্র হয়েছে বলে মনে করছে আইবিসি।এসব বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মাসিক মজুরি ২৬০ মার্কিন ডলার নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৯৮০ টাকা, অর্থাৎ প্রায় ৩২ হাজার টাকা।আইবিসি জানিয়েছে, আপাতত ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। পোশাক খাতের অন্যান্য গ্রেডে কর্মরত শ্রমিকদের জন্য মজুরির হারও শিগগির নির্ধারণ করা হবে।সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করলে সেখানে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।এ জন্য মজুরি বোর্ডের চেয়ারম্যান ও শ্রমিকপক্ষের প্রতিনিধির কাছে লিখিত প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে আইবিসি।এদিকে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।গত ১৫ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে চিঠি পাঠায়।মালিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের জন্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি চেয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির কাছে চিঠি পাঠানো হয়েছে।প্রতিনিধি মনোনয়ন প্রক্রিয়া শেষ হলে নতুন মজুরি বোর্ড গঠনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।তৈরি পোশাক খাতে সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ২০২৩ সালে।ওই সময় শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। বৃদ্ধির হার ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।একই সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরিকাঠামোয় আগের সাতটি গ্রেড কমিয়ে পাঁচটি গ্রেড নির্ধারণ করা হয়।বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকার তুলনায় আইবিসির প্রস্তাবিত ৩১ হাজার ৯৮০ টাকা উল্লেখযোগ্যভাবে বেশি। তবে নতুন এই মজুরির প্রস্তাব এখনো কোনো সরকারি অনুমোদন পায়নি।আইবিসির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সিনিয়র সহসভাপতি আমিরুল হক এবং সহসভাপতি চায়না রহমান উপস্থিত ছিলেন।এ ছাড়া কেন্দ্রীয় নেতা রুহুল আমিন, বাবুল আক্তার, রাশেদুল আলম, তাহমিনা রহমান, খাদিজা রহমান, জাহিদুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্য নেতারা সভায় অংশ নেন।সভা শেষে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরিকাঠামো নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি আইবিসির