ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা মামলার যুক্তি অনুসরণ করলে গাজায় হারতে পারে ইসরায়েল: আইন বিশেষজ্ঞ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ইসরায়েলের জন্য নতুন আইনি সংকট তৈরি করতে পারে। গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় একই বিচারিক যুক্তি অনুসরণ করা হলে ইসরায়েল প্রতিকূল রায়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এলিয়াভ লিবলিখ।গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ ভোটে রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার। রাষ্ট্র হিসেবে গণহত্যার দায় নির্ধারণে এটি আইসিজের ইতিহাসে প্রথম রায়। এই রায়ের পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে চলমান মামলার আইনি অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিশ্লেষণে অধ্যাপক এলিয়াভ লিবলিখ বলেন, মিয়ানমারের বিরুদ্ধে রায়ে বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশ গণহত্যার অভিপ্রায় নির্ধারণে যে যুক্তি ব্যবহার করেছেন, তা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হতে পারে।তাঁর মতে, গাজা মামলায় একই মানদণ্ড প্রয়োগ করা হলে ইসরায়েলের পক্ষে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়তে পারে। লিবলিখ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলার আগে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের নিজেদের কর্মকাণ্ড ও বক্তব্য পর্যালোচনা করা উচিত।তাঁর মূল্যায়ন অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের রাজনীতিক ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচের বিভিন্ন বক্তব্য গণহত্যার অভিপ্রায় প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।তিনি মনে করেন, মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্যের তুলনায় ইসরায়েলি নেতাদের কিছু বক্তব্য থেকে গণহত্যার উদ্দেশ্য প্রতিষ্ঠার যুক্তি তুলে ধরা সহজ হতে পারে।আইসিজের মিয়ানমারসংক্রান্ত রায়ে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণে শুধু সরাসরি হত্যাকাণ্ড নয়, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ওপর সামগ্রিক আচরণ ও তার পরিণতিও বিবেচনা করা হয়েছে।আদালত রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জনগোষ্ঠীটির অস্তিত্ব ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডের প্রমাণ মূল্যায়ন করেছেন।বিশেষ করে একটি জনগোষ্ঠীকে সহিংসতার মাধ্যমে বাস্তুচ্যুত করা, তাদের নিরাপদে ফিরে আসার সুযোগ বাধাগ্রস্ত করা এবং দীর্ঘমেয়াদে তাদের টিকে থাকার পরিস্থিতি ক্ষতিগ্রস্ত করার মতো বিষয়গুলো রায়ের আইনি বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে।আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডের সামগ্রিক ধরন থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য অনুমান করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। অধ্যাপক লিবলিখের মতে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং ইসরায়েলি রাজনৈতিক নেতাদের বক্তব্যও একই ধরনের বিচারিক মূল্যায়নের আওতায় আসতে পারে।এ কারণে মিয়ানমার মামলায় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের ব্যবহৃত আইনি ব্যাখ্যা দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ইসরায়েলের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি।তবে মিয়ানমার ও গাজার পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে বলেও স্বীকার করেছেন এই আইন বিশেষজ্ঞ।তাঁর বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল যুক্তি দিতে পারে যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং গাজায় সংগঠনটির সামরিক সক্ষমতার কারণে সংঘাতের পরিস্থিতি মিয়ানমারের রাখাইন অভিযানের চেয়ে ভিন্ন।ইসরায়েল বরাবরই গাজায় গণহত্যা সংঘটনের অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, তাদের সামরিক অভিযান হামাসকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে নয়।অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের লঙ্ঘন।দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে এবং গণহত্যার অভিযোগের বিষয়ে আদালত চূড়ান্ত রায় দেননি। আন্তর্জাতিক বিচার আদালতের রায় সরাসরি অন্য কোনো মামলার ফল নির্ধারণ করে না। প্রতিটি মামলায় আলাদা প্রমাণ, ঘটনার প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের যুক্তি বিচার করা হয়।তবে মিয়ানমারের বিরুদ্ধে রায়ে গণহত্যার অভিপ্রায় ও রাষ্ট্রীয় দায় নির্ধারণে যে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা গাজা মামলার যুক্তিতর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।বিশেষ করে রাষ্ট্রীয় নেতৃত্বের বক্তব্য, সামরিক অভিযানের ধরন, বেসামরিক জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্বের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব কীভাবে মূল্যায়ন করা হবে, সে প্রশ্ন সামনে এসেছে।লিবলিখের সতর্কবার্তার মূল বিষয়ও সেটিই। তাঁর মতে, আন্তর্জাতিক বিচার আদালত যদি মিয়ানমার মামলায় ব্যবহৃত একই আইনি মানদণ্ড গাজার ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।সূত্র : মিডল ইস্ট আই

রোহিঙ্গা মামলার যুক্তি অনুসরণ করলে গাজায় হারতে পারে ইসরায়েল: আইন বিশেষজ্ঞ