মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আনম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওমরাও খান দিপু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দিয়ে ভুক্তভোগী নারীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা।[BANGVIEWS-POST:1360]রায়ে প্রধান আসামি আ. রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনটির ৯(৩) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।এ ছাড়া একই মামলায় অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।রাষ্ট্রপক্ষ জানায়, মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।