ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে যেকোনো ধরনের দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কোনো উন্নয়ন প্রকল্পেই কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না। সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের করের অর্থ, তাই প্রকল্পের কাজ যথাযথ মানের হচ্ছে কি না তা স্থানীয় সচেতন নাগরিকদেরও নিয়মিত নজরদারি করতে হবে।শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রমনায় ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কেবল জনপ্রতিনিধিদের একার পক্ষে একটি অঞ্চলের সার্বিক সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়; এজন্য সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। নাগরিকরা ভুলত্রুটি ধরিয়ে না দিলে জনপ্রতিনিধিদের বিভ্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তিনি উল্লেখ করেন, কোনো সড়ক বা অবকাঠামো নির্মাণে অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পেলে স্থানীয়দের উচিত সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা।প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, সাব-রেজিস্ট্রার বদলি নিয়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে রাজধানী ঢাকায় ইতিমধ্যে লটারি পদ্ধতির মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু করা হয়েছে। এর ফলে বদলি বাণিজ্য ও তদবিরের সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।মাদক ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী এলাকা শৈলকূপায় মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো অপরাধীর পক্ষেই রাজনৈতিক তদবির বরদাশত করা হবে না। রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী মতের মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট ও চাঁদাবাজির মতো অপকর্ম কোনোভাবেই প্রশ্রয় পাবে না বলে তিনি সতর্ক করেন।শৈলকূপার স্থানীয় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আইনমন্ত্রী জানান, দিগনগর ইউনিয়নসহ উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সম্প্রতি শৈলকূপার নতুন প্রায় ৩৯৫টি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালিকাভুক্ত হয়েছে। এসব সড়কের টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে শৈলকূপার যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টে দেওয়া হবে। এ ছাড়া দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার কৃতী পেশাজীবীদের সম্পৃক্ত করে শিক্ষা, আইনশৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ উপকমিটি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী