ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রিজভী

সস্তা বাহবা ও রাজনৈতিক ক্রেডিট নেওয়ার উদ্দেশ্যে দেওয়া পুলিশ প্রধানের বক্তব্য দেশের অপূরণীয় ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তির বদলে আরও বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা (মেডিকেল ক্যাম্প) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, “পুলিশ বাহিনীর প্রধান হিসেবে সরকারের তোষামোদমূলক কথা বলা কোনোভাবেই শোভা পায় না। এ ধরনের অতিউৎসাহী বক্তব্য সরকারকে সহযোগিতা করার বদলে বরং তাদের জন্য ভীতিকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।” তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ, পেশাদার ও যোগ্য কর্মকর্তা রয়েছেন; তাঁদের কোনো রাজনৈতিক চাপ ছাড়া নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দিলে সমাজ থেকে অপরাধ এমনিতেই নির্মূল হয়ে যাবে।অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নমূলক রূপকল্প তুলে ধরে রিজভী বলেন, তারুণ্যকে কর্মমুখী ও উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করাই বিএনপির প্রধান লক্ষ্য। দেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে বিশৃঙ্খল না রেখে আধুনিক দক্ষতা ও কর্মসংস্থানের মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ ভাবনার অংশ হিসেবে প্রান্তিক কৃষক ও নিম্নবিত্তদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে, যাতে দেশের কেউ অনাহারে বা পুষ্টিহীনতায় না থাকে। জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতিবিদদের গবেষণাতেও প্রমাণিত হয়েছে যে, এসব সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়িত হলে দেশ থেকে অতিদ্রুত দারিদ্র্য দূর হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোটি কোটি ফলদ, বনজ ও তালগাছ লাগানোর মতো দূরদর্শী পরিকল্পনাও বিএনপি গ্রহণ করেছে বলে জানান তিনি।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সামাজিক কর্মসূচির প্রশংসা করে রিজভী বলেন, রক্তদান কর্মসূচি, চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ এবং উৎপাদনশীল সমাজসেবামূলক কাজের মাধ্যমে সংগঠনটির প্রতিটি নেতাকর্মী নতুন মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে।যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা।

আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রিজভী