ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডারে হামলা চালানোর দাবি ইরানের!

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার (আর্লি ওয়ার্নিং রাডার) লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে চালানো হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে অবস্থিত ওই মার্কিন রাডারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।বিবৃতিতে আইআরজিসি বলেছে, “এটি আগ্রাসী শত্রুর জন্য একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার অবিলম্বে বন্ধ করতে হবে।”এতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনী কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই কঠোর পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে এই হামলায় বাহরাইনে থাকা মার্কিন রাডারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।উল্লেখ্য, এর আগে মধ্যরাতে হরমুজ প্রণালির কাছে ইরানের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ সামরিক হামলা ও দফায় দফায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তারই জের ধরে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় এই পাল্টা হামলার দাবি সামনে এলো।সূত্র: আল জাজিরা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডারে হামলা চালানোর দাবি ইরানের!