ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং আগের মতোই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।দেশটির সংবাদমাধ্যম তাসনিমের তথ্য অনুযায়ী, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে।সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রয়েছে। একই সঙ্গে তিনি তার পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন।পেজেশকিয়ান বলেন, যদি কখনও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন, তাহলে সেটি তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে বর্তমানে এমন কোনো সিদ্ধান্ত নেই এবং তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলেও জানান।এ সময় তিনি আরও অভিযোগ করেন, কিছু মহল তার প্রশাসন এবং ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির মধ্যে মতবিরোধ রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে। তার দাবি, বাস্তবে এমন কোনো বিভক্তি নেই।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তিনি এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেন।এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগ বিভাগের উপকর্মকর্তা মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের প্রতিপক্ষের স্বার্থে এসব গুজব ছড়িয়েছে।সূত্র : তাসনিম নিউজ

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান