ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগের পর শিক্ষার্থীর মৃত্যু

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাহিল ওয়াকোড়ে নামে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে হোস্টেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়।ঘটনার আগে পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে প্রশ্নের উত্তর খোঁজার অভিযোগ ওঠে সাহিলের বিরুদ্ধে। পরিদর্শকের নজরে বিষয়টি আসার পর তাকে বিভাগীয় প্রধানের দপ্তরে নেওয়া হয়।আইআইটি বোম্বে কর্তৃপক্ষের ভাষ্য, ঘটনার পর শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোর্স শিক্ষক ও বিভাগীয় প্রধান তার সঙ্গে কথা বলেন এবং তাকে আশ্বস্ত করেন যে পরীক্ষায় ঘটে যাওয়া ওই ঘটনায় তার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে না। এরপর তিনি হোস্টেল কক্ষে ফিরে যান। সন্ধ্যায় সেখানেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।শিক্ষার্থীর মৃত্যুর পর প্রতিষ্ঠানটির পোওয়াই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গভীর রাতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে স্বচ্ছ ব্যাখ্যা ও জবাবদিহি দাবি করেন।বিক্ষোভকারী শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনায় সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। এতে তাকে হোস্টেল ছাড়তে হতে পারে এবং পড়াশোনা শেষ করতে অতিরিক্ত সময় লাগতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল বলেও তারা দাবি করেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।সহপাঠীদের কেউ কেউ ওই কথিত শাস্তির আশঙ্কা থেকে তৈরি হওয়া মানসিক চাপকে তার মৃত্যুর সঙ্গে যুক্ত করছেন। তবে শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ কিংবা পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগের সঙ্গে তার মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।এক বিবৃতিতে আইআইটি বোম্বে জানিয়েছে, শিক্ষার্থীর মৃত্যুতে পুরো প্রতিষ্ঠান গভীরভাবে শোকাহত। শোকগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে মৃত্যুর কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।ঘটনার পর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দত্তাত্রয় নালওয়াড়ের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে।আইআইটি বোম্বের পোওয়াই ক্যাম্পাসে এর আগেও শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। জুলাই মাসে নতুন সেমিস্টার শুরুর সময় ২০ বছর বয়সী আরেক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও সামনে আসে।

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগের পর শিক্ষার্থীর মৃত্যু