ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন সিনেটের শীর্ষ পদের লড়াইয়ে নামলেন ক্রিস ভ্যান হোলেন!

যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে নামার ঘোষণা দিয়েছেন মেরিল্যান্ডের ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান হোলেন। বর্তমান ডেমোক্রেট নেতা চাক শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার এই ঘোষণা তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতার সূচনা হলো। বার্তা সংস্থা এপি ও মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ৬৭ বছর বয়সী ক্রিস ভ্যান হোলেন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেছেন, মার্কিন জনগণ পরিবর্তন চায় এবং বর্তমান পরিস্থিতি সামাল দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে দলে নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এই আহ্বানে সাড়া দিয়েই তিনি সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা পদের জন্য লড়াইয়ে নেমেছেন বলে উল্লেখ করেন।আগামী ডিসেম্বরের শুরুতে ডেমোক্রেট সিনেটরদের রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম সিনেটের ডেমোক্রেট নেতার পদে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।অন্যদিকে, ২০১৭ সাল থেকে সিনেটে ডেমোক্রেটদের নেতৃত্ব দিয়ে আসা নিউইয়র্কের সিনেটর চাক শুমার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে পুনরায় নেতা নির্বাচিত হওয়ার জন্য তাঁর পক্ষে যথেষ্ট সমর্থন ও ভোট রয়েছে। শুমার উল্লেখ করেন, সদ্য সমাপ্ত নির্বাচনে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে এবং তহবিল সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিনেটে ৫৫টি আসন অর্জনকে একটি দারুণ ফলাফল হিসেবে অভিহিত করে তিনি জানান, ২০২৭ সালের জন্য দলের কর্মপরিকল্পনা তৈরি করছেন, যার প্রথম ১০০ দিনের অগ্রাধিকার তালিকায় স্বাস্থ্যসেবা, শুল্ক আইন এবং ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রিস ভ্যান হোলেন নিজেকে দলের পরিবর্তনের মুখ হিসেবে উপস্থাপন করে ইসরায়েল নীতি ও বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে শুমারের অবস্থানের সমালোচনা করেছেন। ভ্যান হোলেনের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাঈদ এবং ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে, চাক শুমারের নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন সিনেটর শেরড ব্রাউন, অ্যাঙ্গাস কিং এবং ক্যাথরিন কর্টেজ মাস্তোসহ বেশ কয়েকজন ডেমোক্রেট আইনপ্রণেতা।সূত্র:  অ্যাসোসিয়েটেড প্রেস

মার্কিন সিনেটের শীর্ষ পদের লড়াইয়ে নামলেন ক্রিস ভ্যান হোলেন!