সাত বছর পরও দাপট, ‘অ্যাভাটার’কে টপকে শীর্ষে ‘এন্ডগেম’
মুক্তির সাত বছর পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে মার্ভেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে অল্প ব্যবধানে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান পুনরুদ্ধার করেছে এটি।আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে আনা হয়। পুনর্মুক্তির পর দর্শকদের সাড়া সিনেমাটির বৈশ্বিক আয়ে নতুন মাত্রা যোগ করেছে।দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার।নতুন এই আয় যুক্ত হওয়ার পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট বৈশ্বিক বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন ডলারের ব্যবধানে ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় আবারও প্রথম স্থানে উঠেছে ‘এন্ডগেম’।২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর আগেও ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে বিশ্ব বক্স অফিসের সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান দখল করেছিল। পরে ‘অ্যাভাটার’ পুনর্মুক্তির মাধ্যমে শীর্ষস্থান ফিরে পেয়েছিল। এবার ‘এন্ডগেম’-এর পুনর্মুক্তির আয় সেই অবস্থান আবার বদলে দিয়েছে।