ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট: ডা. জুবাইদা রহমান

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন হলেও বাংলাদেশে সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অনেক কম। এ সংকট নিরসনে প্রশিক্ষিত চিকিৎসক তৈরি ও নিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে এসব কথা বলেন জুবাইদা রহমান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস সম্মেলনটির আয়োজন করে।দেশের চিকিৎসাব্যবস্থায় বিশেষজ্ঞের ঘাটতির চিত্র তুলে ধরে তিনি জানান, ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে অ্যানেস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার সেবায় পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল নেই।জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র তিন হাজার। তিনি প্রতি এক লাখ মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫৮ জন অ্যানেস্থেসিওলজিস্ট থাকার কথাও উল্লেখ করেন।আন্তর্জাতিক মানদণ্ডের প্রসঙ্গ তুলে জুবাইদা রহমান বলেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই চিকিৎসা খাত পর্যাপ্ত গুরুত্ব না পাওয়ায় হাজার হাজার মানুষ প্রয়োজনীয় সেবা পেতে দুর্ভোগের মুখে পড়ছেন বলে মন্তব্য করেন তিনি।অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, তাদের কাজ শুধু অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া দেওয়া নয়। নিরাপদ অস্ত্রোপচার পরিচালনায় সহায়তা, ব্যথা নিয়ন্ত্রণ এবং সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যাতেও এসব বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।রোগীর জীবন রক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করতে অ্যানেস্থেসিওলজিস্টদের দক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রম অপরিহার্য বলেও উল্লেখ করেন জুবাইদা রহমান।তিনি আরও বলেন, একটি কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে কেবল আধুনিক হাসপাতাল, অবকাঠামো ও প্রযুক্তি যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত এবং পেশাগতভাবে অনুপ্রাণিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।এ কারণে চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পেশাগত কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, চিকিৎসকদের কর্মপরিবেশ ও নিরাপত্তার সঙ্গে রোগীদের উন্নত এবং নিরাপদ চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত।আন্তর্জাতিক সম্মেলনটির গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে চিকিৎসাবিজ্ঞানের নতুন জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট: ডা. জুবাইদা রহমান