যৌনকর্মীর দালালের চরিত্রে অ্যাডলফ খান
ঢালিউডের পরিচিত কোরিওগ্রাফার অ্যাডলফ খান এবার অভিনয়ের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পরিচালক মো. ইকবালের নির্মিতব্য চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’তে একটি গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে।শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে অ্যাডলফ খানের অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ছবিতে তিনি একজন যৌনকর্মীর দালালের চরিত্রে অভিনয় করবেন।পরিচালক মো. ইকবাল জানান, গল্পের প্রয়োজনে এমন একজন অভিনয়শিল্পী দরকার ছিল, যার পর্দায় শক্তিশালী উপস্থিতি রয়েছে। চরিত্রটির সঙ্গে অ্যাডলফ খানের ব্যক্তিত্ব ও অভিনয় সম্ভাবনার মিল থাকায় তাকে নির্বাচিত করা হয়েছে।অভিনয়ে যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডলফ খান বলেন, কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ের প্রতিও তার দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। নতুন ধরনের এই চরিত্রে কাজের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত এবং দর্শকদের সামনে নিজেকে আলাদা রূপে তুলে ধরতে চান।[BANGVIEWS-POST:2962]রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হবে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রে থাকবেন এক যৌনকর্মী, যিনি নির্দোষ হওয়া সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বের শিকার হন।কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এ ছাড়া সিনেমাটিতে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীর কাজ করার কথা রয়েছে।দীর্ঘদিন নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পাওয়া অ্যাডলফ খানের জন্য এটি অভিনয়জীবনের একটি বড় পরীক্ষা। নির্মাতার আশা, চরিত্রটির মাধ্যমে দর্শক তাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে পাবেন।
তবে সিনেমাটির শুটিং শুরুর তারিখ, মুক্তির সময় এবং পূর্ণাঙ্গ শিল্পী তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।