কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।সোমবার (২৯ জুন) সকালে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর আগে রোববার রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে তিনি অসুস্থতাবোধ করেন।কারা সূত্রে জানা গেছে, অসুস্থতার পর প্রথমে ডা. দীপু মনিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। এসব কারণে তার নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়।তিনি বলেন, রোববার রাতে অসুস্থ বোধ করায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।[BANGVIEWS-POST:852]দীপু মনিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. ফজলু জানান, সোমবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।