কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ২৫
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষ হয়।স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহিন অভিযোগ করেন, বিলমাকশা জলমহালটি তিনি গত বছর ইজারা নিয়েছিলেন। এবারও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বিভিন্নভাবে এতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। শাহিনের দাবি, আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য স্থানীয় সাধারণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে। তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।তবে শাহিনের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।