ভারত-বাংলাদেশের ছাত্র আন্দোলনে মিল দেখছেন নেহা বোরা
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ভারতের তরুণ প্রজন্মের সরকারবিরোধী প্রতিবাদে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর মতে, দুই দেশের শিক্ষার্থীদের চলমান সংগ্রামের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেন জি আন্দোলনের প্রসঙ্গ তুলে নেহা বোরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রতিরোধের অভিজ্ঞতা ভারতীয় তরুণদের আন্দোলনেও প্রভাব ফেলেছে।তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে অবস্থান নিয়েছে, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং স্বাধীন ও সমালোচনামূলক চিন্তার পরিবেশ সংকুচিত করার প্রচেষ্টা দুই দেশের শিক্ষাঙ্গনের জন্যই উদ্বেগের বিষয়।নেহা বোরার মতে, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের চাপ ও প্রতিবন্ধকতার অভিযোগ রয়েছে, ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের সঙ্গেও তার উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে এই অঞ্চলের শিক্ষার্থীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান ভারতীয় ছাত্রনেত্রী।নেহা বোরা ভারতের ছাত্ররাজনীতির পাশাপাশি নাট্যচর্চা ও আন্দোলনমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দেশটির তরুণদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হিসেবে আলোচনায় আসেন।নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে তাঁর অবস্থানও দেশটির রাজনৈতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করেছে।