বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।রোববার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের অর্থনৈতিক ও বিনিয়োগ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।শামা ওবায়েদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করছে।তিনি জানান, বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগ দেশে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হচ্ছে।[BANGVIEWS-POST:2547]পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর অর্থনীতিতে যাতে কোনো ধরনের চাপ বা সংকট তৈরি না হয়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে।ওই বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করার উপায়, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং সম্ভাবনাময় খাতগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমিতে বিনিয়োগের ব্যাপারে ইউরোপের কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। এই আগ্রহকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।শামা ওবায়েদ আরও জানান, বিদেশি বিনিয়োগের জন্য তৈরি পোশাক, কৃষি এবং ক্রীড়া খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় খাত নিয়েও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।তিনি আশা প্রকাশ করেন, কার্যকর অর্থনৈতিক কূটনীতি এবং বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার আরও গতিশীল হবে।