কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব
কুমিল্লায় সাহসিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে এ পদক তুলে দেন।৫৩ জন দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, মাদক ও ডাকাতি মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য তিনি এ পদক লাভ করেন।জেলা ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়ার নেতৃত্বে অন্তত ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও সদর দক্ষিণ থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তল, রিভলবার, দেশীয় এলজি, কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি ও কোড়াবারিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, পিকআপ, সিএনজি ও হাইয়েস গাড়িও জব্দ করা হয়।গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার পাশাপাশি নোয়াখালী ও ফেনী জেলার অন্তত ডজনখানেক চুরি ও ডাকাতির মামলার রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি।এ ছাড়া সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।কুমিল্লায় ঘটে যাওয়া একাধিক আলোচিত ক্লুলেস হত্যা মামলারও দ্রুত রহস্য উদঘাটন করেছে অর্ণব বড়ুয়ার নেতৃত্বাধীন ডিবি দল। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আলোচিত ক্লুলেস মা-মেয়ে হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলায় আসামি গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানায় ডিবি।পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।একই সময়ে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করেছে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ‘এসআই অর্ণব বড়ুয়া একজন পেশাদার, দক্ষ এবং সাহসী অফিসার। তার বিপিএম পদক অর্জনে আমরা গর্বিত।’