ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে তীব্র গতিতে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। আগুনের দ্রুত বিস্তার ও প্রাণহানির ঝুঁকি এড়াতে প্রায় ছয় হাজার বসতবাড়ির ১৬ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে ‘নর্তে ফায়ার’ নামের এ দাবানলের সূত্রপাত হয়। পরবর্তীতে তা দ্রুত সান হুয়ান ক্যাপিস্ত্রানো অঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিসুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ আগুনের লেলিহান শিখায় প্রায় ২৩১ হেক্টর বনাঞ্চল ও সংলগ্ন এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় দুই শহরেই দ্রুত অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।আবহাওয়াবিদদের মতে, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, অতি স্বল্প আর্দ্রতা এবং ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে প্রবাহিত শুষ্ক ‘সান্তা আনা’ বাতাসের কারণে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসে বিদ্যুতের ছেঁড়া তারের স্ফুলিঙ্গ থেকে যাতে নতুন করে আগুন না লাগে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত দমকলকর্মীর পাশাপাশি কাজ করছে একাধিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার।এদিকে অরেঞ্জ কাউন্টির পাশাপাশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আরও দুটি অঞ্চলে পৃথক দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু উপকূলের অদূরে ছড়িয়ে পড়া ‘ব্রাইসন ফায়ার’-এ প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়ে গেছে, যার ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে সান দিয়েগো কাউন্টির ‘হেন্ডারসন ফায়ার’-এ পুড়ে গেছে প্রায় ৮৪২ হেক্টর এলাকা এবং এর ২০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই দাবানলের কারণে ইউএস মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি প্রধান মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।সূত্র: আল জাজিরা