ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনায় ৩ জনের পরিচয় প্রকাশ

রাজধানীর মানিকদিতে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনায় আটক তিনজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন মামুন, আসলাম ও মুন্না।রোববার (২৭ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-নর্থ) মো. মাহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুজনকে এবং পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়েছে।পুলিশের দেওয়া পরিচয় অনুযায়ী, মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি বর্তমানে রাজধানীর ভাসানটেক বস্তিতে থাকেন। আসলামের বাড়ি টাঙ্গাইলে; তিনি মজুমদারের মোড় এলাকায় বসবাস করেন এবং অটোচালক হিসেবে কাজ করেন। অন্যদিকে মুন্না ভাসানটেক বস্তির বাসিন্দা।হামলার কারণ সম্পর্কে মাহিদুল ইসলাম বলেন, চাঁদা দাবির কোনো তথ্য এই মুহূর্তে পুলিশের কাছে নেই। প্রাথমিকভাবে জমির দখল নিয়ে বিবদমান পক্ষগুলোর বিরোধ থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।তিনি জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কয়েকজন দলবদ্ধভাবে এসে সেখানে ভাঙচুর করেন। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শকসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুজনকে আটক করা হয়।পরে রাতে অভিযান চালিয়ে তৃতীয় ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে পুলিশের আরও কয়েকটি দল কাজ করছে বলে জানান মাহিদুল ইসলাম।ডিএমপির এই কর্মকর্তা বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি পুলিশের প্রাথমিক ধারণা বলে উল্লেখ করেন তিনি। জমির দখল-বেদখল নিয়ে কী ধরনের বিরোধ ছিল এবং ভাঙচুরের সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা তদন্তে স্পষ্ট হবে।এর আগে সালমান মুক্তাদির নিজের ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও প্রকাশ করেন। সেখানে আসবাব ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের চিত্র দেখা যায়।

সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনায় ৩ জনের পরিচয় প্রকাশ