অশ্রুসিক্ত বিদায়: কুবিতে অপ্রতিমের জানাজা সম্পন্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে।রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।জানাজার আগে অপ্রতিমের বাবা শাহরিয়ার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। ও যদি কোনো ভুল করে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন।’জানাজা শেষে অংশগ্রহণকারীরা অপ্রতিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।গত শুক্রবার বিকেলে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ তার সন্ধানে তল্লাশি চালায়। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ পরিবারের বাসায় নেওয়া হয়।