ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পেলেন কোলেট ক্রেস

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। প্রায় তিন দশক ধরে এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের পর ৫৯ বছর বয়সী এই নারী নির্বাহীকে স্থায়ী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।বিশ্লেষকদের মতে, কোলেট ক্রেসের এই নিয়োগ কেবল তাৎক্ষণিক নেতৃত্বের শূন্যতা পূরণই নয়, বরং এনভিডিয়ার ব্যবসায়িক ও বিনিয়োগ কৌশলে নতুন ভারসাম্য আনার ইঙ্গিত দিচ্ছে। হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এআই চিপের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে শত শত কোটি ডলারের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছিল। ওপেনএআই ও ল্যামডার মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে অর্থের এক ধরনের ‘বৃত্তাকার প্রবাহ’ তৈরি হচ্ছে বলেও সমালোচনা হচ্ছিল। রয়টার্স জানিয়েছে, ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পে প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি ডলার সহায়তার পরিকল্পনা থাকলেও ক্রেসের আর্থিক সতর্কতার কারণেই পরে তা কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়। এনভিডিয়ার অভ্যন্তরে হুয়াংয়ের আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনার বিপরীতে ক্রেসকে ‘ভারসাম্য রক্ষাকারী’ হিসেবে বিবেচনা করা হতো।২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্রেসের। অর্থনীতিতে স্নাতক ও এমবিএ ডিগ্রিধারী ক্রেসকে সহকর্মীরা অত্যন্ত শান্ত, স্থির ও বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করেন। নেতৃত্ব পরিবর্তনের পর গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করতে তিনি এরই মধ্যে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন সরকারের সঙ্গে হুয়াংয়ের সময়ে যে বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয়েছিল, ক্রেসের নেতৃত্বে তাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে ক্রেসের অন্তর্বর্তীকালীন নিয়োগে বাজারে সাময়িক স্বস্তি ফিরলেও দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার প্রযুক্তিগত দূরদর্শিতা ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোনো কোনো বিশ্লেষক। মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগ মনে করেন, বাজার শান্ত রাখতে ক্রেসকে দায়িত্ব দেওয়া যুক্তিসংগত হলেও এনভিডিয়ার দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত অগ্রযাত্রা ধরে রাখতে ভিন্ন নেতৃত্বের প্রয়োজন হতে পারে। এদিকে হুয়াংয়ের পদত্যাগের খবরে বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ কমে ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, যদিও পরবর্তীতে দরপতনের মাত্রা কিছুটা কমেছে।এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্থায়ী সিইও নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এনভিডিয়ার সফটওয়্যার প্ল্যাটফর্ম সিইউডিএ (CUDA)-এর উন্নয়নে নেতৃত্ব দেওয়া নির্বাহী ইয়ান বাকের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং আর্মের প্রধান নির্বাহী রেনে হাসের নামও আলোচনায় রয়েছে।অন্যদিকে, নেতৃত্ব পরিবর্তনের পর জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং চীনে চিপ বিক্রির তদারকি নিয়ে ক্রেস কতটা অবগত ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কিন গোয়েন্দাদের সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ ছাড়াও এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি ক্রেস জানতেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যস্থতাকারী ও চীনা প্রতিষ্ঠানের কাছে চিপ বিক্রির তদারকি নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্রেসকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং।ব্যক্তিগত জীবনে দুই ছেলের উৎসাহেই ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন কোলেট ক্রেস; ভিডিও গেম খেলার সুবাদে তাঁর ছেলেরা এনভিডিয়ার চিপ সম্পর্কে জানত এবং মাকে এই প্রতিষ্ঠানে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। এনভিডিয়ার শেয়ারমূল্য বৃদ্ধির সুবাদে ২০২৫ সালে বিলিয়নেয়ারের তালিকায় নাম লেখান ক্রেস। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার এবং ফরচুন ও ফোর্বসের বিশ্বের ৫০ প্রভাবশালী নারীর তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন।সূত্র: রয়টার্স

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পেলেন কোলেট ক্রেস