বাকেরগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বাড়ির পাশে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাদের মেয়ে ইতি এবং নাতি ফাহিম।শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে রাখা বালুর বস্তার কাছে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়।আগুন থেকে বাঁচতে তারা দ্রুত বাড়ির পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। তবে এর আগেই তাদের শরীরের পোশাক পুড়ে যায় এবং তারা গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।[BANGVIEWS-POST:3036]জামালের দাবি, বালুর বস্তার মধ্যে বা পাশে বিস্ফোরকজাতীয় কোনো বস্তু ছিল। তবে সেটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানেন না।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বিস্ফোরণের কারণ জানতে আলামত সংগ্রহ করছে।
পুলিশের তদন্ত শেষ হওয়ার আগে বিস্ফোরকটি বোমা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যও যাচাই করা হচ্ছে।