ইসলামী আ/ন্দো/ল/নে/র এমপি প্রার্থীর চাঁ/দা/বা/জি/র কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড়

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচনের আগে ওই অডিওকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ভোটারদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬ মিনিট ১১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বহু মানুষ অডিওটি শেয়ার করতে থাকেন।
ভাইরাল অডিওতে এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনকে প্রার্থী শাহিনের উদ্দেশে বলতে শোনা যায়, তার নেতাকর্মীরা তাকে হুমকি দিচ্ছে এবং শাহিন এমপি হলে তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। একইসঙ্গে তিনি দাবি করেন, শাহিন বিভিন্ন সময় ঈশ্বরগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করেছেন এবং এর ভিডিও ও রেকর্ড তার কাছে রয়েছে। অডিওতে তিনি আরও বলেন, হাসপাতালের এক চিকিৎসক দুই লাখ টাকা ‘চাঁদা’ নিয়ে শাহিনের বাসায় গিয়েছিলেন—এর ভিডিওও তার কাছে আছে।
অডিওতে বিপরীত প্রান্ত থেকে প্রার্থী শাহিনকে বলতে শোনা যায়, মোবারকের কোনো সমস্যা হবে না এবং কে কী বলছে তা নিয়ে চিন্তা না করতে। তিনি বলেন, মোবারক আগে যেমন ছিল এখনও তেমনই আছে। এক পর্যায়ে মোবারক হোসেন বলেন, তিনি আর বিশ্বাস করতে পারছেন না। জবাবে প্রার্থী শাহিন তাকে দেখা করতে বলেন। তখন মোবারক আশঙ্কা প্রকাশ করে বলেন, বাসায় গেলে তাকে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করা হতে পারে।
ভাইরাল অডিও সম্পর্কে জানতে চাইলে মোবারক হোসেন বলেন, সাবেক এমপি শাহিন ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা নিয়েছেন, যার ইঙ্গিত অডিওতে রয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহ্ নুরুল কবীর শাহিনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
























