নোংরামিতে নিজেকে জড়াতে চাই না : আসিফ মাহমুদ

- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়াঙ্গন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “নোংরামিতে নিজেকে জড়াতে চাই না।”
শনিবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে পরাজিত এক প্রার্থীকে ইঙ্গিত করে অভিযোগ করেন, গত দেড় বছরে ক্রীড়া খাতে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছেন ওই ব্যক্তির কাছ থেকে।
আসিফ মাহমুদ দাবি করেন, ফুটবল ও ক্রিকেট বোর্ডে প্রভাব বিস্তারের চেষ্টা, সার্চ কমিটির সদস্যকে ব্যবহার করে ফেডারেশন কার্যালয় দখলের উদ্যোগ এবং পরবর্তীতে মামলা পর্যন্ত করার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, প্রথমে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দখলের চেষ্টা হয়। সেখানে ব্যর্থ হওয়ার পর ফুটবলের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়া শুরু হয়।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তেও একজন ক্রিকেটারকে সামনে রেখে নিজের ঘনিষ্ঠদের প্রভাব বিস্তারের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে পরাজয়ের পরও সংশ্লিষ্ট ব্যক্তি অসহযোগিতা ও বাধা সৃষ্টি করছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে গঠিত সার্চ কমিটিতে ওই ব্যক্তির পরামর্শে একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু পরে ওই সদস্য ফেডারেশন কার্যালয় দখলের চেষ্টা করলে তাকে অপসারণ করা হয়। অপসারণের পর তার বিরুদ্ধে মামলা করানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্পোর্টস মিডিয়ার একটি অংশকে ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন এনসিপি মুখপাত্র। তার ভাষ্য, “দেড় বছর ভদ্রতা এবং নীরবতার সঙ্গে কাজ করেছি। বাধ্য করবেন না, আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না।”
তবে তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
























