কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে মন্তব্য জামায়াত আমিরের

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 6
দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, জাতি যখন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় প্রস্তুত, তখন একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে।
ডা. শফিকুর রহমানের দাবি, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে অস্বস্তি বোধ করে একটি গোষ্ঠী ভোটারদের প্রভাবিত করতে অপপ্রচারে নেমেছে। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব। প্রত্যেকে যেন নিজ বিবেচনায় পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেন—এ আহ্বান জানান তিনি।
এদিকে, চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুর আড়াইটায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটকের সময় তার কাছ থেকে নগদ অর্থের পাশাপাশি কিছু নথিপত্রও জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। আটকের সময় ধারণ করা একটি ভিডিওতে তিনি নিজেকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা ও দবিরুল ইসলামের ছেলে হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তার সঙ্গে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার টাকা।
উদ্ধার হওয়া অর্থের উৎস ও সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




























