অর্ধকোটি টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াত আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 24
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, নগদ অর্থসহ আটক করার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুপুরের দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং বহনের উদ্দেশ্য নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্তাধীন এবং যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

























