বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 8
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্যপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’র নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করার দাবি করেছে সেনাবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় তল্লাশির সময় ওই টাকা উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, যে গাড়িটি তল্লাশি করা হয়েছে সেটি এ্যানি চৌধুরীর ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের নামে/ব্যবহারে ছিল। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই এবং তার গাড়িটি নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে উল্লেখ করা হয়।
তাহমিনা আক্তার নওরিন বলেন, ঘটনার পর সহকারীকে সেনাবাহিনী আটক করেছে। পাশাপাশি আধা ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানায়, ব্যাখ্যা ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।























